টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের দরজায় পা রেখেছে নিউজিল্যান্ড। শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে নেদার‌ল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে তারা। সেই সঙ্গে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সমান চার পয়েন্ট অর্জন করে রান রেটের মার-প্যাঁচে দ্বিতীয় স্থানে আছে দলটি। ফলে লংকানদের বিপক্ষে শেষ ম্যাচই নির্ধারণ করবে পরের রাউন্ডে খেলবে কারা।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।
চতুর্থ উইকেটে দলনেতা পিটার বোরেন ও টম কুপার ৬০ রানের জুটি গড়েন। বোরেন ৪৯ রান করে আউট হলেও কুপার ৪০ রান নিয়ে অপরাজিত থাকেন। এর আগে উদ্বোধনী জুটির মাইবার্গ ১৬ ও সোয়ার্ট ২৬ রান করে আউট হন।
জবাবে এক ওভার হাতে থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ওয়ানডাউনে খেলতে নামা অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৬৫ রান করেন। ৪৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় এই স্কোর করেন তিনি। শেষ দিকে ১৪ বলে ২০ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোরি অ্যান্ডারসন। তার সঙ্গে ৭ রান নিয়ে অপরাজিত থাকেন নীশাম। এছাড়া কেন উইলিয়ামসনের ২৯ রান উল্লেখেযাগ্য।