২০১৫ সালে তিনটি টেস্ট সিরিজ খেলতে ভারত সফরের কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু এসএলসি সেক্রেটারি নিশান্থ রানাতুঙ্গা জানিয়েছেন, শ্রীলঙ্কাই স্বাগতিক হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ভারত সফর বাতিল করার পর এই চুক্তিতে তারা সম্মত হয়।

রানাতুঙ্গা জানিয়েছেন, "আগামী মাসে আমরা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যেতে রাজি হয়েছি। আগামী বছর টেস্ট সিরিজ খেলতে সফর করতে রাজি হয়েছে ভারত।"

তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেনি। ধারণা করা হচ্ছে, এ বিষয় বিসিসিআই'র সঙ্গে এসএলসির প্রাথমিক আলোচনা হয়েছে।

২০০৯ সালের পর থেকে টেস্ট খেলতে কখনো ভারত যায়নি শ্রীলঙ্কা। এদিকে ভারত সর্বশেষ ২০১০ সালে টেস্ট সিরিজ খেলতে লঙ্কায় গিয়েছিল। সেটি ছিল মুত্তিয়া মুরালিধরনকে বিদায় জানানো সিরিজ।

এফটিপি অনুযায়ী ২০১৭ সালের আগস্টে শ্রীলঙ্কা সফর করবে ভারত। সে সময় তিন ম্যাচ টেস্ট সিরিজ, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

জেডআই