ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শুক্রবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে সাত উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। এদিন ব্যাটিং-বোলিংয়ে জ্যামাইকা ছিলো একেবারে অচেনা রূপে। কিন্তু তার মধ্যে নিজেকে চেনানোর চেষ্টা করেছেন সাকিব।
এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নামে জ্যামাইকা তালাওয়াশ। ব্যাটে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে তারা। দলের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল শূন্য রানে ও কুমার সাঙ্গাকারা ৯ রান করে আউট হন।
অন্য ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন রভম্যান পাওয়েল। সাকিব আল হাসান ২৩ বল খেলে করেন ২৫ রান। ১৮ ওভারে সব উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১০০ রান। গায়ানার পক্ষে ভিরাস্যামি পারমল ৩টি, রায়াদ এমরিত ২টি, অ্যাডাম জাম্পা ২টি ও সোহেল তানভীর ২টি করে উইকেট নেন।
পরে গায়ানা ব্যাটে নেমে ১৮ ওভারে তিন উইকেট হারিয়ে জয় পায়। দলের পক্ষে ডাওয়েন স্মিথ ৪, মার্টিন গাপটিল ৫, ক্রিস লিন ৩৯*, জ্যাসন মোহাম্মেদ ২২ ও অ্যান্থনি ব্র্যাম্বল ২৭* রান করেন। জ্যামাইকার পক্ষে ইমাদ ওয়াসিম ২টি ও সাকিব আল হাসান ১টি করে উইকেট নেন।
এমই





