অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে রাখতে শেষ চেষ্টা করেছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু শেষ দিনে লাঞ্চের আগে স্মিথকে যোগ্য সঙ্গ দেয়া মিশেল মার্শের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেয় পাকিস্তান। লাঞ্চের পর বোলারদের ঝড়ে মাত্র আট রান সংগ্রহ করতে পাঁচ উইকেট হারায় অসিরা। ৩৫৬ রানে জয় পায় পাকিস্তান। এতে দুই দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল তারা।
দুবাই টেস্টের পর আবু ধাবি টেস্টেও রানের পাহাড় গড়েছিল মিজবাহরা। দ্বিতীয় টেস্টটি জিতে নিয়ে ২-০তে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল তারা। বিপরীতে অন্তত শেষ ম্যাচটি ড্রয়ের স্বপ্ন দেখেছিল মাইকেল ক্লার্কের দল।
স্মিথ বেশ বিচক্ষণতার সাথেই পাকিস্তানকে প্রতিহত করার চেষ্টা করছিলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন মার্শ। কিন্তু লাঞ্চের আগে অল রাউন্ডার মোহাম্মদ হাফিজের কাছে পরাস্ত হন তিনি। তার বলে ক্যাচ তুলে দেন আসাদ শফিকের হাতে। পতন হয় তাদের ১০৭ রানের জুটি। ৪৭ রান করে মাঠ থেকে বিদায় নেন ২৬ রান নিয়ে এদিন খেলা শুরু করা মার্শ।
লাঞ্চ বিরতির আগে আর কোনো উইকেট হারাতে হয়নি অস্ট্রেলিয়ার। রানের খাতায় ছিল ২৩৮ রান। লাঞ্চের পর ৯৭ রান করা স্মিথকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে বিদায় করে দেন ইয়াসির শাহ। ২৩৮ রানেই বিদায় নেন ব্রাড হ্যাডিন (১৩) ও জনসন (০)। আর ২৪৬ রানেই ইনিংস গুটিয়ে যায় অসিদের। এতে ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠে পাকিস্তান।
পাকিস্তানের বোলার জুলফিকার পাঁচটি উইকেট নেন। ইয়াসির শাহ তিনটি ও মোহাম্মদ হাফিজ দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫৭০/৬ (ডি.) ও ২৯৩/৩ (ডি.)
অস্ট্রেলিয়া: ২৬১ ও ২৪৬
জেডআই





