বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৭৭ রানের হারের ম্যাচে টাইগার স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলা হয়। এজন্য ২৩ বছর বয়সী বোলারকে নিয়ে শনিবারই বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারের কাছে রিপোর্ট করেছে সেই ম্যাচের অফিশিয়ালরা।
এই অভিযোগের প্রেক্ষিতে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে বাংলাদেশ অলরাউন্ডারের বোলিং অ্যাকশন আরো বেশি আতশ কাঁচের নিচে পড়বে। আর সবচেয়ে বড় বিষয় হলো নিজের বোলিং বৈধতা অব্যাহত রাখতে ২১ দিনের মধ্যে আইসিসির সামনে পরীক্ষা দিতে হবে টাইগার ক্রিকেটারকে। সেখানে বৈধতা পেলে তবেই ভবিষ্যতে বোলিং করার লাইসেন্স পাবেন সোহাগ।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানি স্পিনার সাইদ আজমলকে নিয়েও প্রশ্ন তুলেছিল আইসিসি। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা হয়নি পাক তারকার। বরং উড়াল দিতে হয়েছে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। সেখানে সোমবার পরীক্ষা চলবে তার। দেখা হবে বোলিংয়ের সময় আইসিসির নিয়ম মতো কনুই ভাঙে কিনা আজমলের।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





