জাঁকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) এবারের আসর।

নাচে-গানে পুরো আয়োজনটি একেবারেই অন্যমাত্রা পেয়েছে। বলিউড সুপার স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স দর্শকদের মন ভরিয়ে দিয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিপিএল’র উদ্বোধন ঘোষণা করেন। এরপর মঞ্চে পারফর্ম করে দেশি ও ভারতীয় শিল্পীরা।

তবে পারফরম্যান্সের ফাঁকে তাঁদের কিছু কথা দর্শকদের ভালোলাগা কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। দর্শকদের ধন্যবাদ জানাতে গিয়ে ক্যাটরিনা স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও দেন।

পরে সালমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। প্রশংসা করেন তাঁর ব্যক্তিত্বেরও। আর বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’ আয়োজকদেরও ধন্যবাদ জানান বলিউড সুপার স্টার ।

এর আগে একে একে পারফরম্যান্স করে গেলেন রকস্টার শুভ, রেশমি মির্জা, নগর বাউল জেমস, সনু নিগম, কৈলাশ খের, ক্যাটরিনা কাইফ। তবে সালমান চমকের অপেক্ষা ছিল তখনো। অবশেষে সময় অনুযায়ী সবার পারফরম্যান্সের পর মঞ্চে উঠলেন বলিউড সুপার স্টার সালমান খান।

বলিউড খ্যাত তারকাকে মঞ্চে পেয়ে মেতে উঠেছে পুরো শেরেবাংলা। দলবল নিয়ে সালমান শুধু নাচলেনই না, নাচালেন মাঠে থাকা দর্শকদেরও। তাঁর নজরকাড়া কাড়া পারফরম্যান্সে শেরেবাংলায় দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা। 'মেরি কাহানি' গান দিয়ে নিজের পারফরম্যান্স শুরু করলেন ভাইজান খ্যাত সালমান খান।

এরপর জনপ্রিয় কিছু গানের সুরে মূর্ছনার সঙ্গে তাল মেলান বলিউড সুপারস্টার। গানের সঙ্গে কণ্ঠ মেলান দর্শকরা, সঙ্গে নৃত্য তো আছেই! এরমাঝে পরিবেশনার ফাঁকে ফাঁকে ‘ফায়ার ওয়ার্ক’ আর ‘লেজার শো’ দেখা যায় শেরেবাংলার আকাশে। ফায়ার শোতে রাতের আকাশে ঝরে আলোর ঝরনাধারা।

সন্ধ্যার দিকে সুরের ছন্দে মঞ্চ কাঁপাতে উঠেন নগর বাউল জেমস। শুরু করেন নিজের প্রিয় গান ‘সুলতানা বিবিয়ানা’, ‘মা’, ‘সুন্দরীতমা’ দিয়ে। এরই মধ্যে মিরপুর শেরেবাংলায় পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ একসঙ্গে কথা বলতে দেখা যায় দুই তারকাকে।

জেমসের পর সুরের ছন্দে শেরেবাংলা মাতান জনপ্রিয় সংগীত শিল্পী সনু নিগম। নিজের বেশ কয়েকটি প্রিয় গানের সঙ্গে দুটি বাংলা গান গেয়ে মানুষে মন জয় করে নেন সনু নিগম। বাংলাদেশের মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে ভারতীয় শিল্পী ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ ও ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি’ গান দুটি পরিবেশনা করেন।

আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় আনু্ষ্ঠানিকতা। বিপিএলের পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর।

 

এএস