ভারতের দেয়া ৩০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে এখন ম্যাচ হারের অপেক্ষায় আছে পাকিস্তান।
রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওভারে ৩৫ উইকেট ৭ হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন মিজবাহ (৩১) ও ইয়াসির শাহ (০)।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ সামির বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন ৬ রান করা ইউনিস খান।
এরপর আহমেদ শেহজাদ ও হারিস সোহাইল দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু তাদের ৬৮ রানের জুটি ভেঙে গেলে আর কেউই হাল ধরতে পারেননি।
অশ্বিনের বলে রায়নার হাতে ক্যাচ আউট হন সোহাইল। পরে উমেশ যাদবের বলে জাদেজার তালুবন্দী হন শেহজাদ। দুই বল পরে রানের খাতা খোলার আগে সোহাইব মাকসুদকে বিদায় করে দিয়ে পাকদেরকে কাবু করে ফেলেন যাদব।
উমর আকমল এসে চার বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। এর মধ্য দিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় পাকিস্তান।
আফ্রিদি আর মিজবাহ ম্যাচটিকে কিছুক্ষণ বিলম্বিত করার কাজ করেন। তবে ২২ বলে ২২ রান করা আফ্রিদি আউট হওয়ার পর সেটি আর বিলম্বিত হল না। ক্রিজে এসেই বিদায় নিলেন ওয়াহাব রিয়াজ (৪)।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে ভারত।
এদিন ভাগ্যের লড়াই টসে জয় পেয়ে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন।
জেডআই





