ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আসনটি হাতছাড়া করতে হলো নেইমারকে। প্রথম রাউন্ডে চার গোল করে মেসি-মুলারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে গোলের দেখা পাননি এই তারকা। তবে দ্বিতীয় রান্ডের ম্যাচে গোল করে তাদের সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতার জায়গা দখল করছেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ।
নক আউট পর্বের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ১২০ মিনিট খেলে ব্রাজিল। দীর্ঘ এই লড়াইয়ের পরও নিজের নামের পাশে গোল সংখ্যা বাড়াতে পারেননি ব্রাজিলের নেইমার। ম্যাচটিতে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন ডেভিড লুইজ। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচটি টাই ব্রেকারে গড়ায়। এতে জয় পায় ব্রাজিল।
কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয় কলম্বিয়া। সেই ম্যাচে জোড়া গোল করেছেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ। প্রথম রাউন্ডে এই তারকা করেছিলেন ৩ গোল। ফলে মোট পাঁচ গোল নিয়ে গোল্ডেনু বুট জয়ের দৌড়ে এগিয়ে আছেন তিনি।
রদ্রিগেজের পরের অবস্থান তিন জনের। ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি ও জার্মানির থমাস মুলার চারটি করে গোল করেছেন। নেইমার নক আউট পর্বের ম্যাচ খেলে ফেললেও এখনো সুযোগ আছে মেসি ও মুলারের।
প্রথম রাউন্ডের তিন ম্যাচেই গোল পেয়েছিলেন মেসি। শেষ ম্যাচে করেছিলেন জোড়া গোল। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের জালে বল জড়াতে পারলে রদ্রিগেজের সঙ্গে ভাগ বসাতে পারেন তিনিও। সুযোগ থাকছে এককভাবে শীর্ষে ওঠারও।
এদিকে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা মুলারও দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এখন পর্যন্ত খেলেননি। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে এক গোল পাওয়া এই তারকাও গোল্ডেন বুট জয়ের স্বপ্ন দেখছেন।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই





