স্কটল্যান্ডের এডিনবরায় আজ সোমবার শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা। এই সভাতেই টেস্ট ক্রিকেটের কাঠামোগত পরিবর্তন আসতে পারে। মানে দুই স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট চালু করার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে এই সভাতেই।

দুই স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রথম স্তরে থাকবে র‍্যাংকিংয়ের শীর্ষ সাত দল এবং দ্বিতীয় স্তরে শেষ তিন দল। এই তিন দলের সঙ্গে দ্বিতীয় স্তরে যোগ হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের দুই ফাইনালিস্টও।

আইসিসির দুই স্তরের টেস্ট ক্রিকেটের প্রস্তাব সমর্থন করে না বিসিবি।

আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল শেষে বিসিবির সহসভাপতি মাহবুব আনাম সংবাদমাধ্যমেকে তা জানিয়েছেন।

মাহবুব আনাম বলেন, ‘আমরা দুই স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটকে কোনোভাবেই সমর্থন করি না। কারণ টেস্টে ভালো করতে হলে প্রত্যেকে প্রতেকের সঙ্গে খেলা উচিত। বিশেষ করে বড় দলগুলোর সঙ্গে ছোট দলগুলোর খেলতেই হবে।’

সভায় যোগ দিতে রোববার ঢাকা ত্যাগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। এই সভায় আইসিসির নীতি নির্ধারকরা দুই স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট নিয়ে কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়।

এমআইএস