শিশুদের দাসত্ব নিরসন ও উন্নয়নে আমি সবসময় আগ্রহী। শিশুদের নিয়ে কাজ করতে পারব বলে আমি খুশি। যারা শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের আমি শ্রদ্ধা জানাই। আমিও তাদের সঙ্গে আজ থেকে থাকব। স্বাধীন দেশে শিশু দাসত্ব থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার ‘শিশু দাসত্ব নিরসন সপ্তাহ ২০১৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘অপরাজেয় বাংলাদেশ’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অপরাজেয় বাংলাদেশের চেয়ারপারসন ওয়াহিদা বানু বলেন, ‘বাংলাদেশে অসংখ্য পরিবারের শিশুরা দারিদ্র্য ও অসহায়ত্বের শিকার হয়ে আধুনিক দাসত্বে পরিণত হয়েছে। আইএলও’র ২০১২ সালের জরিপ হিসেবে সারাবিশ্বে প্রায় ৫.৫ মিলিয়ন শিশু জোরপূর্বক শ্রম প্রদানে বাধ্য হচ্ছে। অবিলম্বে বাংলাদেশে শিশু দাসত্ব নির্মূলের বিষয়টি জাতীয় উন্নয়ন কর্মসূচির লক্ষ্যমাত্রায় অন্তর্ভুক্ত করতে হবে। শিশু দাসত্ব নিরসন আইন প্রণয়নে সরকারকে অগ্রণী পদক্ষেপ নিতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চিত্রশিল্পী মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার হেলাল ফয়েজী, সালেহ আহমেদ টিটু প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২০ থেকে ২৬ নভেম্বর শিশু দাসত্ব নিরসন সপ্তাহ উদযাপিত হবে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





