প্রথম সেটে পরাজিত হয়েও শেষ পর্যন্ত সুইস ইনডোর টেনিসের শিরোপা জিতেছেন হোম ফেবারিট রজার ফেদেরার।

ফাইনালে ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৩ গেমে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে অষ্টমবারের মত শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

৩৬ বছর বয়সী ফেদেরার দারুণ এক লড়াইয়ে পরে ক্যারিয়ারের ৯৫তম এটিপি শিরোপা জিতলেন। সব মিলিয়ে ক্যারিয়ার শিরোপা প্রাপ্তিতে এই তালিকায় ১০৯টি শিরোপা নিয়ে ফেদেরারের আগে রয়েছেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জিমি কনর্স।

বাসেল ফাইনালে আর্জেন্টাইন তারকার বিপক্ষে এটাই ফেদেরারের প্রথম জয়। ২০১২ ও ২০১৩ সালে পরপর দুই বছর দেল পোত্রো শিরোপা জিতেছিলেন।

আগামী সপ্তাহে মৌসুমের শেষ এটিপি ট্যুর প্যারিস মাস্টার্সের পরে লন্ডনে এটিপি ফাইনালে জিততে পারলেই ফেদেরারের সামনে রাফায়েল নাদালকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করার সুযোগ ছিল।

কিন্তু প্যারিস মাস্টার্স থেকে ফেদেরারের আকস্মিক নাম প্রত্যাহারে এখন নাদালই ২০১৭ সালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নিশ্চিত করেছেন। বিশ্রামের জন্য প্যারিস মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১৯বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার।

দুই সপ্তাহ আগে সাংহাই মাস্টার্সে নাদালকে পরাজিত করা ফেদেরার চলতি মৌসুমে সর্বোচ্চ সাতটি শিরোপা জিতেছেন। কালকের ফাইনাল শেষে সুইস এই তারকা বলেছেন, ‘হুয়ান মার্টিনকে অভিনন্দন।

ইউএস ওপেনের পর থেকে তার সময়টা দারুণ যাচ্ছে। প্রতি সপ্তাহে তার মত খেলার ইচ্ছা আমার রয়েছে। কিন্তু আমি জানি এটা এই মুহূর্তে আমার জন্য অত্যন্ত কঠিন।

এএস