সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে আজ প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময় শুক্রবার (০১ অক্টোবর) বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া অস্কার ব্রুজোনের একাদশে তেমন কোন পরিবর্তন নেই। একাদশে অনেকদিন পর জায়গা হয়েছে আবাহনী লিমিটেডের উইঙ্গার জুয়েল রানার।

সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে জামাল ভুঁইয়ার দল। বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে শ্রীলঙ্কান গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। রক্ষণ ভাগ-মাঝ মাঠে কতৃত্ব দেখালেও আক্রমণভাগে এসে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

প্রথমার্ধ শেষে বল দখলের লড়াই ও আক্রমণে এগিয়ে ছিল অস্কার ব্রুজোনের শিষ্যরা। প্রথমার্ধের ৬২ শতাংশ সময় বল ছিল জামালদের পায়ে। বাংলাদেশ লঙ্কানদের গোলবার লক্ষ্য করে শট নিয়েছে ৭টি। আর লঙ্কানরা নিয়েছে ৫টি।

স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার মধ্যে রাউন্ড রবিন লিগভিত্তিক এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে ১৬ অক্টোবর সেরা দুই দলের মধ্যকার শ্রেষ্ঠত্বের লড়াই দিয়ে। মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে প্রথম দিনেই মাঠে নেমেছে দেড় যুগ ধরে একটি ট্রফির অপেক্ষায় থাকা বাংলাদেশ।

সাফের আসরে শ্রীলঙ্কার সঙ্গে সবশেষ বাংলাদেশের দেখা হয়েছিল ২০০৯ সালে। সেবার এনামুল হকের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ দেখা ২০২০ সালে, বঙ্গবন্ধু গোল্ড কাপে। মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের নৈপুণ্যে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবারও শ্রীলঙ্কাকে হারিয়েই একটি দুর্দান্ত শুরু এনে দেওয়ার প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ দলের ফুটবলাররা।

বাংলাদেশ একাদশ:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী।

মিডফিল্ডার: জামাল ভুঁইয়া (অধিনায়ক), রাকিব হোসাইন।

ফরোয়ার্ড: জুয়েল রানা, মোহাম্মদ ইবরাহীম, বিপলু আহমেদ, সুমন রেজা।

এমবি