পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও ইসলামাবাদ ইউনাইটেড। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালেও খেলল ওই দুই দলই!
তবে পার্থক্য হলো, উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল কোয়েটা।
আর মঙ্গলবার রাতে ফাইনালে কোয়েটাকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টটির শিরোপা জিতেছে মিসবাহ-উল-হকের ইসলামাবাদ।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৪ রান করে কোয়েটা। জবাবে ৪ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ইসলামাবাদ।
১৭৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইসলামাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন ডোয়াইন স্মিথ ও শারজিল খান।৩৪ বলে ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেরেন শারজিল (১২)।
এরপর দ্বিতীয় উইকেটে ব্র্যাড হাডিনের সঙ্গে স্মিথের ৮৫ রানের দারুণ এক জুটিই মূলত ইসলামাবাদের জয়ের পথ সহজ করে দেয়।
স্মিথ ৫১ বলে ৪টি ছক্কা ও ৭টি চারে ৭৩ রান করে সাজঘরে ফিরলে ভাঙে এ জুটি।
স্মিথের বিদায়ের পর ইসলামাবাদ আরো ২ উইকেট হারালেও হাডিন দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৩৯ বলে ৫ ছক্কা ও ২ চারে অপরাজিত ৬১ রান করেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান।
এর আগে কোয়েটা শূন্য রানে বিসমিল্লাহ খানের উইকেট হারালেও আহমেদ শেহজাদের ৬৪ ও কুমার সাঙ্গাকারার ৫৫ রানের কার্যকরী দুটি ইনিংসে ১৭৪ রানের পুঁজি পেয়েছিল।
৩৬ রানে ৩ উইকেট নিয়ে ইসলামাবাদের সেরা বোলার আন্দ্রে রাসেল।
এসএম





