চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ হয়েছে দুই দলের অনমনীয় মানসিকতার সাক্ষী থেকে। দ্বিতীয় দিন শুরুর আগে কোনো দলকেই দ্বিধাহীনভাবে এগিয়ে রাখার সুযোগ নেই। তবে দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজই ম্যাচের নিয়ন্ত্রন নিতে চায়।

৫ উইকেটে ২৪২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুইজনই দারুণ ব্যাটিং করেছেন তৃতীয় সেশনে। সাকিব ৩৯ এবং লিটন ৩৪ রান করে ক্রিজে রয়েছেন।

বাংলাদেশ যেখানে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে, সেখানে ক্যারিবীয়দের লক্ষ্য বাংলাদেশকে ৩০০ রানের মধ্যেই অলআউট করা। প্রথম দিন ৩ উইকেট শিকার করা স্পিনার জোমেল ওয়ারিকান এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন প্রথম দিনের সংবাদ সম্মেলনে।

ওয়ারিকান বলেন, “কাল শুরুতেই কিছু উইকেট তুলে নিতে চাই। বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করতে চাই, ৩০০ রানের মধ্যে আটকাতে চাই।”

নিজের বোলিংকে মূল্যায়ন করে ওয়ারিকান বলেন, “আমার জন্য দারুণ এক দিন ছিল। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছি। আগামীকাল দলকে আরও উইকেট এনে দেওয়ার আশা রাখি।”

ওয়ারিকান দ্যুতি ছড়িয়েছিলেন প্রস্তুতি ম্যাচেও। বাংলাদেশের কন্ডিশনে ভালো করতে হলে কী করতে হবে, তা তার এখন ভালো করেই জানা আছে বলে মনে হল।

ওয়ারিকানের ভাষ্য, “এই মুহূর্তে ব্যাটসম্যানদের জন্য এটি অনেক ভালো একটি উইকেট। বাংলাদেশে প্রথম দিনে উইকেট এমনই হয়। আমাদের শৃঙ্খলা ধরে রেখে বোলিং করে যেতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে ভালো খেলে। আমি শুধু ঠিক জায়গায় বল করে গিয়েছি।”বিডিক্রিকটাইম

এমবি