প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা নিয়ে স্নায়ু চাপে আছেন ব্রাজিলীয় তারকা নেইমার। 'গ্লোবস্পোর্টি'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।

২০১১ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল বার্সেলোনা। তার দু'বছর পর ন্যু ক্যাম্পে পা রেখেছিলেন নেইমার। আর চলতি মৌসুমে প্রথমবারের মতো লা লিগা ও কোপা ডেল 'রে'র শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

নেইমারের স্বদেশী কিংবদন্তী ফুটবলার রোনাল্ডো কখনোই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের আনন্দ পাননি। যদিও বার্সা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ইন্টার মিলানের হয়ে ক্যারিয়ারের দারুণ সময় পার করেছিলেন তিনি। তবে ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৩৮ বছর বয়সী রোনাল্ডোকে ছাড়িয়ে যেতে বদ্ধ পরিকর নেইমার।

ফাইনাল ম্যাচ নিয়ে সাক্ষাৎকারে নেইমার বলেন, "আমি খুবই উদ্বিগ্ন।"

রোনাল্ডোর কথা উল্লেখ করে তিনি বলেন, "রোনাল্ডো কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। এর দ্বারা বোঝা যায়, এটা কতটা কঠিন। আমাদের সামনে শিরোপাটি জয়ের সুযোগ এবং আমি এর জন্য সর্বোচ্চ চেষ্টা করব।"

তিনি আরো বলেন, "দল খুশি। ভাল একটি অবস্থা বিরাজ করছে, খেলার জন্য ভালো পরিবেশ এবং আমরা এখন ফাইনালের জন্য মনোযোগ দিচ্ছি। যখন আমরা দেখলাম যে আমাদের জন্য সব কিছু কঠিন হয়ে যাচ্ছে, তখন সবাই একত্রিত হলাম এবং বললাম যে আমাদের জন্যই আমাদের জিততে হবে।"

আগামী ৬ জুন শনিবার বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা।

জেডআই