জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ওপর চটেছেন সাধারণ মানুষ। ফর্ম খরায় থাকা তামিমকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে বুধবার ক্রিকেট ভক্তরা মানববন্ধন করেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নাম্বার গেটের সামনে।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তারপরও জ্বলে উঠেনি তামিমের ব্যাট। তাই তাকে বাদ দিতে ব্যানার, প্লেকার্ড নিয়ে জনা পঞ্চাশেক ক্রিকেট ভক্ত মানববন্ধন করেছেন।
এ ব্যাপারে এক ক্ষুব্ধ ভক্ত ফয়সাল বলেছেন, ‘কিসের ভিত্তিতে ওপেনিংয়র মতো এতো বড় গুরুত্বপূর্ণ একটি জায়গায় তামিমকে খেলান হচ্ছে সেটা আমাদের বোধগম্য নয়। গতকালকের (মঙ্গলবার) ম্যাচ দেখে মনে হয়েছে যেন পাতান খেলা হচ্ছে। যেখানে তার ফর্ম নেই তারপরও সে ডাউন দ্য উইকেটে এসে মারতে যায়। এমন ক্রিকেটার জাতীয় দলে প্রয়োজন নেই। যারা দলের স্বার্থ বোঝে না তাদের দিয়ে দলে কোনো উপকার হবে না।’
এ ছাড়া ব্যনারে লেখা ছিল, ‘সমর্থন চাও সমর্থন করি। ক্ষমা চাও ক্ষমা করি।বেদনা দাও সহ্য করি। আর কত.. সহ্যের সীমা আছে।’ আরেকটি প্লেকার্ডে লিখা ছিল ‘ ক্যাম অন টাইগার ফিল দ্য পেইন।’
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





