বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা জাতীয় দল ও মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল। শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের ইনজুরি টাইমে পাওয়া গোলে এগিয়ে রয়েছে মালয়েশিয়া।
ম্যাচের শুরু থেকে মালয়েশিয়া বেশ কয়েকটি সুযোগ তৈরি করতে পারলেও গোল করতে পারেনি। গোলের দেখা পায়নি শ্রীলঙ্কাও। অবশেষে ইনজুরি টাইমের শুরুতেই ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হয় শ্রীলঙ্কার মাদুসানের। ফলে পেনাল্টির নির্দেশ দেয় রেফারি। পেনাল্টি থেকে গোল করে মালয়েশিয়াকে ১-০ গোলে এগিয়ে দেয় ফরোয়ার্ড সাইরুল আজওয়ারি।
নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। তাই এই ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা, শ্রীলঙ্কার বিপক্ষে মালয়েশিয়া যাতে বড় ব্যবধানে জয় পায়। তাহলে ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের জয়-পরাজয়ের হিসাবটা স্বাগতিকদের অনুকূলে থাকবে।
জেডআই





