কোয়ার্টার ফাইনালে খেলার আশা জিইয়ে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও জিম্বাবুয়ে। শেষ আটে উঠার আশা ধরে রাখতে হলে এ ম্যাচে জিততেই হবে- এমনই সমীকরণ দু’দলের সামনে। ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে।

বিশ্বকাপের শুরুতেই মনোবল হারাতে হয় পাকিস্তানকে। চিরপ্রতিন্দন্দ্বী ভারতের কাছে অসহায়ভাবে হার মানে তারা। এই হারে মনোবল যে ভেঙ্গেছে মিসবাহ’র দলের, তা প্রমাণ মিলে পরের ম্যাচেই। প্রথম দু’আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জাকে সঙ্গী করে তারা। ফলে ২ খেলায় অংশ নিয়ে শুন্য হাতে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চুপটি করে বসতে হয় পাকিস্তানকে।

আর তাতে কোয়ার্টার ফাইনালে উঠার পথ অনেকখানি কঠিনই হয়ে যায় পাকিস্তানের। তারপরও যতটুকু সম্ভাবনা উঁকিঝুকি মারছে, তা জিইয়ে রাখার লক্ষ্যে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে আফ্রিদি-ইউনিসরা। তাই এ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন দলের অধিনায়ক মিসবাহ, ‘প্রথম দুই ম্যাচ হেরে বাজে অবস্থায় রয়েছি আমরা। তবে ঘুড়ে দাড়ানোর সময় এখনো রয়েছে আমাদের। আশা করছি ভালোভাবেই লড়াইয়ে ফিরবো। শেষ আটের আশা ধরে রাখতে এ ম্যাচে জয় চাই আমাদের। তা’নাহলে আরও বিপদে পড়তে হবে। ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’

পয়েন্ট টেবিল বিবেচনায় আনলে, পাকিস্তানের চেয়ে কিছুটা হলেও ভালো অবস্থায় রয়েছে জিম্বাবুয়ে। ৩ খেলায় অংশ নিয়ে ১টি জয়কে সঙ্গী করতে পেরেছে তারা। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও, আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখে জিম্বাবুয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে মাথা নত করেছে তারা। তবে হারা দু’ম্যাচে দারুন লড়াই করেছে ডেভ হোয়াটমোরের শিষ্যরা।

ঐ লড়াই করার মনোবল থেকেই নিজেদের আত্মবিশ্বাস বড্ড ভারী করে নিয়েছে জিম্বাবুয়ে। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস কাজে লাগাতে চান দলের অধিনায়ক এলটন চিগাম্বুরা, ‘দুই ম্যাচে হারলেও, দারুন খেলেছে ছেলেরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও আমরা ভালো খেলতে চাই। তবে জয়ের স্বাদ পাওয়া সম্ভব হবে। পাকিস্তান শক্তিশালী দল। তবে আমরা প্রস্তুত। কারণ শেষ আটে খেলতে হলে এ ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পেতে হবে আমাদের। এমন লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’

সাম্প্রতিক ফর্ম থেকেই আত্মবিশ্বাস বাড়ানো গেলেও, বিশ্বকাপ আসরে পাকিস্তানের বিপক্ষে অতীত ফল থেকে কিছু পাওয়ার নেই জিম্বাবুয়ে। কারণ এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও জিম্বাবুয়ে। এরমধ্যে চারটিতে জিতেছে পাকিস্তান। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

তাই বিশ্বকাপ আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে পাকিস্তান। আর পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের স্বাদটা নিতে চাইবে জিম্বাবুয়ে।

পাকিস্তান দল: মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ, ইউনুস খান, হারিস সোহেল, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, রাহাত আলী, এহসান আদিল, সোহেল খান, ওয়াহাব রিয়াজ।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুমবুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিম চাকাবা, টেন্ডাই চাতারা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, তাফাদজা কামুঙ্গোজি, হ্যামিলটন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি, সলোমন মির, তাবান্দা মুপারিবা, তিনাশে পেনিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর, প্রসপার উৎসেয়া. সেন উইলিয়ামস।

জেডআই