২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর। বিসিবি ডিসিপ্লিনারি কোডের আর্টিক্যাল ৬.৪ ধারা অনুসারে রায় ঘোষণা হয়। সে সময় বলা হয়, আশরাফুল যদি বিসিবি বা আইসিসি আয়োজিত দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে `আইসিসির সন্তুষ্টি সার্টিফিকেট` অর্জন করতে পারেন, তাহলে ২০১৬ সালের ১৩ আগস্টের পর থেকে ক্রিকেটে ফিরতে পারবেন।
আশরাফুল ফেরার প্রতীক্ষায় ছিলেন। আগস্ট মাসে ফেরার জন্য নিয়মিত কঠোর অনুশীলন করছেন।
কিন্তু হঠাৎ এ কেমন খবর শোনা গেল? আশরাফুলের কার্যক্রমে সন্তুষ্ট নয় আইসিসি। আর সে কারণে জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে এখনই ফেরা হচ্ছে না আশরাফুলের।
জাতীয় দল কিংবা বিসিবি আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে ফিরতে আরো দুই বছর অপেক্ষা করতে হতে পারে টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ানকে। তবে ১৩ আগস্ট থেকে বিসিবির অন্যান্য টুর্নামেন্টে খেলতে পারবেন তিনি।
আশরাফুলের ক্রিকেটে ফেরার বিষয়ে তার আইনজীবী ইয়াসিন প্যাটেল একটি ইংরেজি দৈনিককে জানান, ‘২০১৬ সালের ১৩ আগস্টে থেকে আশরাফুল বিপিএল এবং জাতীয় দল বাদে বিসিবির অন্য টুর্নামেন্টগুলো খেলতে পারবেন। জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে মাঠে নামতে হলে তাকে আরো দুই বছর অপেক্ষা করতে হবে।’ সূত্র-নিউ এজ
এমবি





