লা লিগার লড়াইয়ে মালাগার বিপক্ষে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এর ফলে লিগ টেবিলে শীর্ষ স্থানে উঠার সুযোগ হাত ছাড়া করল মেসি-নেইমাররা।

লিগে ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট অর্জন করেছে বার্সা। এদিকে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট অর্জন করেছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। ফলে পয়েন্ট ব্যবধানটি আরো বাড়িয়ে নেয়ার সুযোগ পেল ক্রিস্টিয়নো রোনালদোরা।

গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে মালাগার মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল বার্সেলোনা। তাই ঘরের মাঠে দলটিকে পেয়ে প্রতিশোধের একটা লক্ষ্য নিশ্চয় ছিল মেসি-নেইমারদের। আর সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জেতা বার্সেলোনা ২০১৫ সালের শুরু থেকে খেলছিলও দুর্দান্ত। এই ১১ ম্যাচে তারা মোট গোল করে ৩৯টি, হজম করে মাত্র ৮টি।

তাই শনিবার ন্যু কাম্পের এই ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল বার্সেলোনা। কিন্তু শুরুতেই সব হিসেব-নিকেশ পাল্টে দিয়ে এগিয়ে যায় অতিথিরা।

সপ্তম মিনিটেই হুয়ানমির গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। খুব কাছ থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান স্পেনের এই স্ট্রাইকার।

৩০তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা; কিন্তু লিওনেল মেসির ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় মালাগা, কিন্তু হুয়ানমির প্রচেষ্টা গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো ঠেকিয়ে দিলে বেঁচে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বল দখলে রেখে ম্যাচে ফেরার চেষ্টায় থাকে বার্সেলোনা, কিন্তু মেসি-নেইমার-সুয়ারেজের গড়া বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছিল না।

গোল পেতে শেষ পাঁচ মিনিটে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনার আক্রমণভাগ। যোগ করা সময়ে মেসির দারুণ এক পাস থেকে ভালো একটা সুযোগও পায় স্বাগতিকরা। কিন্তু জেরার্ড পিকে সুযোগটা কাজে লাগাতে না পারায় হারের লজ্জায় মাঠ ছাড়তে হয় লুইস এনরিকের দলের।

জেডআই