নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানেই দুই উইকেট হারিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দিন শেষে তাদের স্কোর দাঁড়ায় ৩৪/২। ফলে হাতে মাত্র আট উইকেট থাকলেও ৩৬৯ রানে পিছিয়ে আছে আবু ধাবিতে জয় পাওয়া মিজবাহরা।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। আগের দিনে ১৩৭ রান করা লাথাম এদিন রানের খাতা খোলার আগে মাঠ থেকে বিদায় নেন। তবে নিচের দিকের ব্যাটসম্যানরা রানের চাকা সচল রেখেছিলেন। এতে ২৪৩ রান ও হাতে সাত উইকেট নিয়ে খেলা শুরু করা কিউইরা সব উইকেটের বিনিময় ৪০৩ রান সংগ্রহ করে। এদিন ক্রেইগ ৪৩ ও ওয়াটলিং ৩৯ রান করেন। তাদের সঙ্গে ইশ সোধির হার না মানা ৩২ রানে এ স্কোর করতে পারে দলটি।

পাকিস্তানের বোলার জুলফিকার বাবর সর্বোচ্চ চারটি উইকেট নেন। ইহসান আদিল ও ইয়াসির শাহ দুটি করে উইকেট পান। একটি করে উইকেট নেন রাহাত আলী ও আযহার আলী।

জবাবে খেলতে নেমে মাত্র ২৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। দলীয় খাতায় চার রান যোগ হতে আরো এক উইকেট হারায় তারা। সোধির বলে ১৩ রান করা শান মাসুদ বিদায় নেয়ার পর ক্রেইগের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ১৬ রান করা তৌফিক উমর। ওয়ানডাউনে নামা আযহার (৪) ও ইউনিস খান (১) তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

জেডআই