লা লিগায় এবারের মৌসুমে সমান তালে লড়ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানেই থাকছে বার্সেলোনা। রোববার রাতেও সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়ে ব্যবধানটা আরো বাড়িয়ে নিল তারা।
গত সপ্তাহে বার্সেলোনার কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু বার্সার এই ম্যাচের আগে আলমেরিয়ার কাছে হেরে যায় তারা। ফলে সেভিয়ার বিপক্ষে জয়ে পেলেই ফের শীর্ষস্থানটি দখল করতে পারে বার্সা।
কিন্তু সেভিয়ার মাঠে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কোচ জেরার্ডো মার্টিনের শিষ্যরা। ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে খেলার ১৫ মিনিটেই জয় পায় স্বাগতিকরা। কিন্তু মেসির জোড়া গোলের সঙ্গে সানচেজ ও ফেব্রিগাসের গোলে বড় ব্যবধানে জয় পায় বার্সা। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে তিন পয়েন্ট যোগ করতে পারে কাতালান ক্লাবটি।
এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট অর্জন করেছে বার্সেলোনা। তবে সমান ম্যাচে সমান পয়েন্ট রয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সামনে রয়েছে বার্সা।
খেলার ১৫ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন আলবার্তো মরিনো। ভিতোলোর পাস থেকে বল নিয়ে বার্সার জালে জড়াতে ভুল করেননি এই তারকা। তবে ৩৪ মিনিটেই সফরকারীদেরকে সমতায় ফেরান অ্যালেক্সিজ সানচেজ। এই গোলটি করতে অবদান রাখেন আর্জেন্টাইনা তারকা লিওনেল মেসি। অন্যকে দিয়ে গোল করিয়ে থেমে থাকেননি তিনি। জোড়া গোল করেছেন এই তারকাও। ৪৪ মিনিটে পেদ্রো পাস করা বল থেকে গোল করেন তিনি। আর ৫৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন এই তারকা।
৩-১ এ এগিয়ে থেকেই খেলা শেষ করার দিকে এগিয়ে যায় বার্সা। তবে তাদের ব্যবধানটাকে আরো বাড়িয়ে দেন সেস ফেব্রিগাস। ৮৮ মিনিটের এই গোলে অবদান রাখেন প্রথম গোল করা সানচেজ। বিপরীতে বেশ কয়েকটি আক্রমণ করলেও কোনো গোল শোধ করতে পারেনি সেভিয়া। ফলে বড় ব্যবধানে জয় পাওয়ার সঙ্গে শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সা।