দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডীন এলগারকে তিরস্কার করা হয়েছে। আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করায় আইসিসি আচারণ বিধির ১ নম্বর ধারা ভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের চতুর্থ দিন মঙ্গলবার। এ দিন দ্বিতীয় ইনিংসের ব্যাট করছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসে ১০ম ওভারে বোল্ড হন এলগার। এরপর তার ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন তিনি। ফলে ফিল্ড আম্পায়র আলিম দার ও ক্রিস গ্যাফানি, থার্ড আম্পায়ার জেরেমিয়া মাতিবিরি ও ফোর্থ আম্পায়ার ওয়েন চিরোম্বি তাকে শাস্তি দিতে সুপারিশ করেন।

এলগার ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং আইসিসি ম্যাচ রেফারির এলিট প্যানেলের সদস্য রোশান মাহানামার প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।

আচারণ বিধির ১ নম্বর ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন শাস্তি হিসেবে তিরস্কার করা হয়। এর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই