রিয়াল মাদ্রিদের হয়ে সময়টা ভালো যাচ্ছে না গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। দীর্ঘ দিন দলকে নেতৃত্ব দেয়া এই গোলরক্ষক এখন পিছনের সারিতে থাকছেন। ব্রাজিল বিশ্বকাপে জাতীয় দলের হয়ে ব্যর্থতায় তার দিন শেষ হয়ে গেছে বলে অনেকের মত। তবে এই মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। তার মতে, ক্যাসিয়াস এখনও বিশ্বমানের গোলরক্ষক।
গত দুটি মৌসুমে কঠিন সময় পার করেছেন ক্যাসিয়াস। তার পরিবর্তে দলের প্রথম পছন্দের তালিকায় ছিলেন ডিয়াগো লোপেজ।
এদিকে ব্রাজিল বিশ্বকাপের পর কোস্টারিকার গোলরক্ষক কিলুর নাভাসকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে ক্লাবে নিজের অবস্থান নিয়ে আরো শঙ্কায় পড়ে যান ক্যাসিয়াস। তবে এবার মৌসুম শুরু হওয়ার আগে এসি মিলানে চলে গিয়েছেন লোপেজ। ফলে আবার দলে নিজের জায়গা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন ৩৩ বছর বয়সী এই তারকা।
ক্যাসিয়াসকে নিয়ে রোনালদো বলেছেন, “ইকার কখনো বিশ্বসেরা গোলরক্ষকদের তালিকা থেকে বাদ পড়েননি। তিনি সব সময়ই বিশ্বমানের গোলরক্ষক।”
মঙ্গলবার সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। এতে ২-০ গোলে জয় পেয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। ম্যাচটিতে জোড়া গোল করা রোনালদো জানিয়েছেন, ভবিষ্যতে তারা আরো ভালো করতে চান। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ধরে রাখতে চান।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





