নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তার ব্যাট ভর করে বুধবার প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৮১ রান করেছে পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। ৪৪ রানে প্রথম উইকেট হারায় তারা। ১২ রান করে মার্ক ক্রেইগের বলে বোল্ড হয়ে যান শান মাসুদ।
তবে ওপেনার মোহাম্মদ হাফিজ দলের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে আজহার আলীর সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন তিনি। ৩৯ রান করে ক্রেইগের বলে রস টেইলরকে ক্যাচ তুলে দেন আজহার।
দুর্দান্ত ফর্মে থাকা ইউনুস খানও খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। অনেক দিন পর আবার টেস্ট ক্রিকেটে ফেরা বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেটোরির বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫ রান করেন তিনি।
এরপর অধিনায়ক মিসবাহকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তোলেন হাফিজ। চতুর্থ উইকেটে ১২১ রান তুলে অবিচ্ছিন্ন আছেন তারা। ১৭৮ রান নিয়ে উইকেটে আছেন হাফিজ। ৩৮ রান নিয়ে এদিনের খেলা শেষ করেছেন মিজবাহ উল হক।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৮১/৩ (হাফিজ ১৭৮*, মাসুদ ১২, আজহার ৩৯, ইউনুস ৫, মিসবাহ ৩৮*; ক্রেইগ ২/৬৭, ভেটোরি ১/২৮)।
জেডআই





