বাংলাদেশ নারী ক্রিকেট দলের দারুণ সাফল্য। শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। স্কটিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জাহানারা-সালমা-রুমানারা।

টসে জিতে স্কটল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৪১ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশের সামনে। সালমা খাতুন ২১ ও খাদিজাতুল কোবরা ৩১ রানে তিনটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান।

জবাবে এই রান টপকাতে মোটেও বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দলীয় মাত্র ৩২ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই কিছুটা বিপর্যয়ে পড়লেও পরবর্তীতে এই ফারজানা হক ও রুমানা আহমেদ জুটি দলকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

ফারজানা ১০৯ বলে ৫৩ ও রুমানা ৪৬ বলে ৩৮ রানের চমৎকার দুটি ইনিংস খেলে আসরে দ্বিতীয় জয় তুলে দেন।

এর আগে প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এসে আবার জয়ে ফিরেছে তারা।

এমবি