টেস্ট ক্রিকেটে অল রাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে বাজে পারফরম্যান্স করায় সাকিবের কাছে শীর্ষস্থান হারালেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

গত ১১ আগস্ট সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল আইসিসি। সেবার শীর্ষস্থান অর্জন করেন অশ্বিন। কিন্তু বেশি দিন শীর্ষে থাকতে পারলেন না। ছয় মাস ক্রিকেটে নিষিদ্ধ থাকা সাকিবের কাছে শ্রেষ্ঠত্ব হারালেন তিনি।

বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৪। অশ্বিনের পয়েন্ট ৩৫৭। আর তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ফিলান্ডারের রেটিং পয়েন্ট ৩৪৮।

এদিকে ৩৭১ পয়েন্ট নিয়ে ওয়ানডে অল রাউন্ডারের র‌্যাঙ্কিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের এই তারকা। আর ৪১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

টি-টোয়েন্টি অল রাউন্ডারের র‌্যাঙ্কিংয়েও দ্বিতীয় স্থানে আছেন সাকিব। ৩৯৩ পয়েন্ট থাকা সাকিবের চেয়ে মাত্র সাত পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছেন মোহাম্মদ হাফিজ।

ঢাকা,১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই