[b]লিভারপুল:[/b] ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাশ্টন ভিলার কাছে হারতে বসেছিল অন্যতম সেরা দল লিভারপুল। অবশেষে ড্যানিয়েল স্টারিজ ও স্টিভেন জেরার্ডের গোলে হার এড়াল তারা। শনিবার ২-২ গোলে ড্র করেছে দলটি।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে অ্যাশ্টন ভিলাকে স্বাগত জানায় লিভারপুল। কিন্তু শুরু থেকেই আক্রমণ চালায় অতিথিরা। দ্বিতীয় ও চতুর্থ মিনিটেই আক্রমণ চালায় তারা। এই যাত্রা ব্যর্থ হলেও খেলার ২৫ মিনিটে ভিলাকে এগিয়ে দেন আন্দ্রেস উইমান। এরপর ৩৬ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান ক্রিস্টিয়ান বেনটেকে।
বিরতির আগে মূল খেলায় কোনো গোল শোধ করতে পারেনি লিভারপুল। তবে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান ড্যানিয়েল স্টারিজ। মৌসুমে এটি তার ১১তম গোল। দীর্ঘ দুই মাস পর চোট থেকে ফিরে এসেই গোলের দেখা পেয়েছেন তিনি।
বিরতির সাত মিনিট পর পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। এই সুযোগকে কাজে লাগাতে ভুল করেননি জেরার্ড। মৌসুমে নিজের পঞ্চম গোল করে দলকেও সমতায় ফেরান তিনি।
খেলায় আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দল দুটিকে। এতেই লিগ টেবিলে শীর্ষ দশে উঠে এসেছে অ্যাশ্টন ভিলা। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে লিভারপুল। সমান ম্যাচে ৫১ ও ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে আছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে চেলসি।