রোববার বিপিএলের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বোলাররা দিশেহারা হয়েছেন খুলনা টাইটান্সের আরিফুল হক ও কার্লোস ব্র্যাথওয়েটের ব্যাটিং ঝড়ে। এবার ব্যাট করতে নেমে কিছু বোঝার আগেই তিন উইকেট হারিয়েছে তারা। ডানহাতি পেসার আবু জায়েদ চৌধুরী একাই তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে চিটাগংয়ের সংগ্রহ ৪৭ রান। খুলনার দেওয়া ১৭১ রানের লক্ষ্য থেকে এখনো ১২৪ রান পিছিয়ে তারা।
.
প্রথম ওভারেই পরপর দুই বলে দুই ওপেনারকে ফিরিয়েছেন জায়েদ। তৃতীয় বলে লুক রনকি আউট হন ব্যক্তিগত ২ রান করেই। চতুর্থ বলে সৌম্য সরকার ফিরে যান সাজঘরে। কোন রানই সংগ্রহ করতে পারেননি তিনি। দলীয় ২ রানে ২ উইকেট হারানো চিটাগং ২১ রানেই আরেকটি উইকেট হারায়। ঘাতক সেই জায়েদ। ১০ রান করে ফিরে যান দিলশান মুনাবিরা। পঞ্চম ওভারে বল করতে এসে এনামুল হক বিজয়ের উইকেট তুলে নেন ব্র্যাথওয়েট। আউট হওয়ার আগে ১৮ রান করেন বিজয়। চিটাগং অধিনায়ক মিসবাহ-উল-হক ৯ ও সিকান্দার রাজা ৫ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৭০ রান করে খুলনা। আরিফুল হক-ব্র্যাথওয়েটের ঝড়ে এই সংগ্রহ পায় তারা। মাত্র ৩.৩ ওভারের জুটিতে ৫৫ রান তোলেন এই দুজন। আরিফ ৪০ এবং ব্র্যাথওয়েট ৩০ রান করেন। দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪০ রান। চিটাগং পেসার তাসকিন আহমেদ ৪৩ রান খরচায় ৩ উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর-

খুলনা টাইটান্স : ১৭০/৭ (২০ ওভার) (ওয়ালটন ৫, শান্ত ৯, ক্লিঙ্গার ২, রুশো ২৫, মাহমুদউল্লাহ ৪০, আরিফুল ৪০, ব্র্যাথওয়েট ৩০, আর্চার ১১*; সানজামুল ২/২০, রাজা ০/১৭, মুনাবিরা ১/১৬, শুভাশীষ ১/২১, তাসকিন ৩/৪৩, তানবীর ০/৪৪, লুইস ০/৯)।