ব্রাজিল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে সাম্বা নাচ আর শাকিরার লা লা লা গানে মারকানা মাতল। পুরো বিশ্ব দেখল তাদের চোখ ধাধানো পারফরম্যান্স।
আজ রোববার মারকানায় বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে শুরু হয়েছিল সমাপনী অনুষ্ঠান। ফ্রিডম, সলিডারিটি, প্যাশন এবং ডাইভারসিটি- ফুটবলের এই ৪টি মূল্যের চরিত্রগত রূপ দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। ব্রাজিল বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের বিশেষ করে দুই ফাইনালিস্ট দলের প্রতিনিধির আনুষ্ঠানিক উপস্থিতি ঘটেছিল অনুষ্ঠান মঞ্চে।
এরপর ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যে মাতল দর্শকরা। মাতল পুরো বিশ্ব। ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যে অংশ নিয়েছিল ৪০০ তরুণ পারফরমার।

সাম্বা নৃত্যের পরপরই বিশ্বকাপের ট্রফি মাঠে আনা হয়। ফরাসি প্রতিষ্ঠান লুই ভুইতোর তৈরি করা দৃষ্টিনন্দন চামড়ার বাক্সে করে আনা হয় ট্রফিটি। বাক্স থেকে বিশ্বকাপ ট্রফি অবমুক্ত করেন ব্রাজিলিয়ান মডেল জিসেলে বানদচেন এবং স্প্যানিশ ফুটবলার কার্লোস পুয়েল।
এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা মঞ্চে আসেন। লা লা লা গান গেয়ে দর্শক মাতান এই তারকা। গানের সাথে নেচে সবাইকে উজ্জীবিত করেন তিনি।

শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হিপ হপ আর্টিস্ট উইক্লেফ জিয়ানলি জিয়ান, মেক্সিকান ও আমেরিকান মিউজিশিয়ান কার্লোস সানতানা, ব্রাজিলিয়ান গায়ক আলেক্সান্দ্রে পিরেজ, আরেক ব্রাজিলিয়ান মিউজিশিয়ান ও গীতিকার কারলিনহোস ব্রাউন মঞ্চে আসেন। অফিসিয়াল সং ‘উই উইল ফাইন্ড অ্যা ওয়ে’গানটিতে সম্মিলিতভাবে অংশ নেন এই বিখ্যাত শিল্পীরা।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





