একদিনে তিনটি জয় হতে পারত বাংলাদেশের। কিন্তু তা আর হলো না। টেস্টে ও ফুটবলে বাংলাদেশ জাতীয় দল জিতলেও হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। সোমবার কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের দেড়শ’ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আচার্য মেমোরিয়াল ট্রফি’তে মুম্বাইয়ের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বিসিবি।

সল্টটেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার ক্যাম্পাস গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। কিন্তু মুম্বাইয়ের বোলিং তোপে মাত্র ৪১ ওভারে ১৩৮ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় তারা।

দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক বিজয় রানের খাতা না খুলেই আউট হয়েছেন। সর্বোচ্চ স্কোরার ইলিয়াস সানি করেছেন ৪০ রান। এ ছাড়া আরাফাত সানি ২৪, লিটন কুমার দাস ১৭, ছাব্বির রহমান রুম্মন ১৬ রান করেছেন।

মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সারদাল ঠাকুর। এ ছাড়া উইলকিন মোথা ও অভিষেক নায়ার ২টি করে উইকেট নিয়েছেন।

১৩৯ রানের জবাবে খেলতে নেমে মুম্বাই একাদশ ৩২.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আদিত্য তারে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া অভিষেক নায়ার ২৪ রানে অপরাজিত ছিলেন।

বিসিবি একাদশের বোলারদের মধ্যে আরাফাত সানি ও আবুল হাসান রাজু ১টি করে উইকেট নিয়েছেন।

২৮ অক্টোবর দ্বিতীয় ম্যাচে কর্নাটকের মুখোমুখি হবে বাংলাদেশের দলটি। আর বেঙ্গুলের প্রতিপক্ষ হিসেবে খেলবে ৩০ অক্টোবর। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ২ নভেম্বর।

জেডআই