জুয়াড়ির প্রস্তাবে সাড়া না দিয়েও সে খবর গোপন করার দায়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। নিষিদ্ধ হওয়ার শুরুতে গুঞ্জন উঠেছিল দেশ ছেড়ে লম্বা সময়ের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন বাংলাদেশ কাপ্তান।

কিন্তু গুঞ্জন উড়িয়ে দিয়ে দেশে নিষেধাজ্ঞার দিনগুলো ভালোই কাটাচ্ছেন সাকিব। ক্রিকেটে নিষেধাজ্ঞার পর রাজধানীর অভিজাত পাড়ায় ফুটবলও খেলছেন। এর বাইরে গত বছরের ন্যায় এবছরও দেশের ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ করদাতার স্বীকারোক্তিও পেয়েছেন। গেছেন দুদকে, পিঠা খেয়ে এসেছেন। কন্যা আলাইনার জন্মদিন পালন করলেন বেশ ঘটা করেই। সব মিলিয়ে নিষিদ্ধ সময়ের শুরুটা বেশ ভালোভাবে উপভোগ করলেন। বিদেশে পাড়ি জমাননি।

দেশের সময়টাকে ভালোভাবে উপভোগ করে এবার সত্যিই দেশের বাইরে যাচ্ছেন দেশ সেরা এই ক্রিকেটার। তবে লম্বা সময়ের জন্য নয়; বরং পবিত্র ওমরাহ হজ্জ্ব পালন করতে সৌদি গিয়েছেন সাকিব।

পবিত্র ওমরাহ পালনে বৃহস্পতিবার মধ্যরাতের একটি ফ্লাইটে সৌদি আরব গিয়েছেন সাকিব আল হাসান। বিসিবির কর্মকর্তা ওয়াসিম খান রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করে ওমরার বিষয়টি জানিয়ে দেন।

যেখানে তিনি লিখেন, ‘ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছেন সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইলো।’

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে ওমরাহ পালন করে দেশেই ফিরবেন তিনি।

এম