বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সেখানে পৌঁছান তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টাইগারদের উৎসাহ দেয়ার এ সৌজন্য সাক্ষাতে ক্রিকেটারেরা ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোচরা উপস্থিত আছেন।

তবে ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রীর সুনজরটা বরাবরই রয়েছে। এর আগেও দেখা গেছে, মাশরাফিদের খেলা দেখার জন্য প্রধানমন্ত্রীকে স্টেডিয়ামে হাজির হয়ে যেতে। ক্রিকেটারদের নিয়মিত খোঁজ-খবরও রাখেন তিনি।

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেন ভালো করতে পারে, সে অনুপ্রেরণা দিতেই জাতীয় দলের ক্রিকেটারদের কাছে টেনে নিলেন তিনি।

তিনি বলেন, বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।

সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খাবেন। এর পর বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত: আগামীকাল বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ৩০ মে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও, ৫ মে আয়ারল্যান্ডে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ।

এএস