সফরে একমাত্র টি-টোয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ক্রিকেটের এই ফরম্যাটে এটি পাকিস্তানের সর্বোচ্চ ব্যবধানের জয়। এর আগে তারা তিনবার ৮ উইকেটে জয়ে পেয়েছিল।

পাকিস্তানের নতুন অধিনায়ক সরফরাজ আহমেদের অধীনে পাওয়া এই জয় বড় অবদান মূলত বোলারদের। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। আর এই রান তাড়া করে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বুধবার ১৪ ওভার ৫ বলে শারজিল খানের উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচ পর জিতল পাকিস্তান। ইংল্যান্ড টানা চার ম্যাচ জেতার পর টাই হয় শেষ ম্যাচ।

বুধবার লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন শারজিল ও খালিদ লতিফ। দারুণ সব শট খেলে ১১.১ ওভারে এই দুই জনে গড়েন ১০৭ রানের জুটি। ইংল্যান্ডের বিপক্ষে দলকে প্রথম শতরানের জুটি এনে দেয়ার পথে শারজিল করেন ৫৯ রান। বাঁহাতি এই ব্যাটসম্যানের ৩৬ বলের ইনিংসটি গড়া ৭টি চার ও তিনটি ছক্কায়।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড: ২০ ওভারে ১৩৫/৭ (রয় ২১, হেলস ৩৭, রুট ৬, বাটলার ১৬, মর্গ্যান ১৪, স্টোকস ৪, মইন ১৩*, উইলি ১২, প্লাঙ্কেট ০*; ওয়াহাব ৩/১৮, হাসান ২/২৪, ওয়াসিম ২/১৭)

পাকিস্তান: ১৪.৫ ওভারে ১৩৯/১ (শারজিল ৫৯, লতিফ ৫৯*, আজম ১৫*; রশিদ ১/২৯)

ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: ওয়াহাব রিয়াজ

এম এ