বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিষেধাজ্ঞার কারণে ২০১৪ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলা হয়নি বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানের। তবে তাকে ছাড়াই বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপা জিতেছে বার্বাডোজ ট্রাইডেন্টস।
ওয়ার্নার স্টেডিয়ামে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে আমাজন ওয়ারিয়র্স। কিন্তু ১৬তম ওভারে চার উইকেটের বিনিময়ে ১০৭ রান তোলার পরই বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এ সময় দিনেশ রামদিনে দল জয় থেকে ৮ রান দূরে ছিল।
বৃষ্টি নামার সময় জয় পেতে ওয়ারিয়র্সের প্রয়োজন ছিল ২৫ বলে ৪৬ রান এবং সেটা তাদের পক্ষে অসম্ভব ছিল না বলেই মনে হচ্ছিল। কিন্তু আবহাওয়ার সহায়তা না পাওয়ায় ট্রাইডেন্টস প্রথমবারের মতো সিপিএল টি-২০ শিরোপা ঘরে তোলে।
দুর্ভাগ্য ওয়ারিয়র্সের। কেননা, গতবছর উদ্বোধনী আসরেও ফাইনালে ক্রিস গেইলের নেতৃত্বাধীন জ্যামাইকা তালাওয়াশের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয়েই দলটিকে সন্তুষ্ট থাকতে হয়েছে।
টসের বিপরীতে প্রথমে ব্যাট করে ওপেনার ডোয়াইন স্মিথের ৫৯ এবং ম্যাচ সেরা নির্বাচিত হওয়া পাকিস্তানী শোয়েব মালিকের অপরাজিত ৫৫ রানে ভর করে ট্রাইডেন্টস তাদের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে।
ওয়ারিয়র্সের হয়ে বাঁ-হাতি পেসার ক্রিসমার সান্টোকি ১৯ রাতে ৩টি এবং অফ স্পিনার সুনিল নারাইন ২০ রানে ২ উইকেট শিকার করেন।
ব্যাট করতে নেমে দলের দুই সেরা ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ২০ এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল মাত্র ৭ রানে আউট হলে শুরুতেই ধাক্কা খায় ওয়ারিয়র্স।
এরপর ফাস্ট বোলার জেসন হোল্ডার নির্ধারিত চার ওভার বোলিং করে ১৮ রানে দলের সর্বোচ্চ ২৮ রান সংগ্রহকারী পাকিস্তানের মোহাম্মদ হাফিজসহ ২ উইকেট শিকার করলে ওয়ারিয়র্স আর ঘুরে দাঁড়াতে পারেনি।
ঢাকা,১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





