ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল লড়াই শুরুর আগে আরেকটি লড়াইয়ে মাঠে নেমেছিল সফরকারী বাংলাদেশ। সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচের এ লড়াইয়ে জয় পেয়েছে মুশফিকরা। রোববার ক্যারিবীয় দ্বীপের দল গ্রানাডাকে ৯৫ রানে হারিয়েছে তারা।
সেন্ট অ্যান্ড্রুস প্রগ্রেস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন ওপেনার তামিম ইকবাল। তার ৯১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩২২ রান করে টাইগাররা।
তামিমের ৯১ রানের ইনিংসে ছিল ১২টি চার ও ছয়টি ছক্কা। এই স্কোর করতে বল খরচ করেছেন ৮৬টি। তামিম ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদও দারুণ ব্যাট করেছেন। তার ব্যাট থেকে ৭৮ রান। এছাড়া মুশফিকুর রহমান ৪৪, শামসুর রহমান ৩২, এনামুল হক বিজয় ২৪ ও নাসির হোসেন ২২ রান করেন।
জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি গ্রানাডা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জর্জ। এছাড়া অ্যান্ড্রু ফ্লেচার করেন ৩১ রান, ইটিইনি করেন ২৯ রান।
টাইগারদের হয়ে তিনটি উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা। এছাড়া দু'টি করে পান আল আমিন ও রাজ্জাক।
আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে টাইগারদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।
ঢাকা,১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





