শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে লড়াই শুরু করেছিল বাংলাদেশ। মিরপুরের মাঠে ম্যাচটিতে বড় ব্যবধানে হেরেছিল তারা। চট্টগ্রামের মাঠে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ালেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মুশফিকদের। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই হেরেছে তারা। এবার সেই মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ১৩ রানে হেরেছে স্বাগতিকরা।
সোমবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার দেয়া ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে দুই উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। কিন্তু এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা। ফলে ৩৯.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৬৭ রান সংগ্রহ করতে পারে তারা।
দলের পক্ষে শামসুর রহমান ৬২ রান ও মুমিনুল হক ৪৪ রান করেন। এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম ২৭ রান করেন। বাকিরা যেন চেহারা দেখাতে মাঠে নেমেছিলেন। ফলে কেউই রানের খাতায় দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। তিনজনই হয়েছেন রান আউট। আর রানের খাতা খুলতে পারেননি দুই এনামুল ও মাহমুদুল্লাহ। শ্রীলংকার বোলার অ্যাঞ্জেলো ম্যাথুস তিনটি ও সাচিত্রা সেনানায়েক দুটি উইকেট পান।
এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়। ফলে ৫০ ওভারের খেলা কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডি বেছে নেন অধিনায়ক মুশফিকুর রহিম।
প্রথমে বোলিংয়ের সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে স্বাগতিক বোলাররা। প্রথম উইকেটটি শিকার করতে ২২ রান অপেক্ষা করলেও ৬৮ রানের মধ্যেই লংকানদের ৮টি উইকেট শিকার করে তারা।
তিন রান করা তিলকারত্নে দিলশান আউট হওয়ার পর একে একে সাজঘরে ফিরে যান বাকি ব্যাটসম্যানরা। ওপেনার কুসল পেরেরার ২০ রান ও চান্দিমালের ১৩ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
কিন্তু সিংহবাহিনীর লেজের কাছে ব্যর্থতার পরিচয় দিতে হলো টাইগারদের। ৬৭ রানে ৮ উইকেট হারানো শ্রীলংকার হাল ধরেন থিসারা পেরেরা ও সচিত্রা সেনানায়েক। তাদের ব্যাট ভর করেই বাংলাদেশের বিপক্ষে আগের সর্বনিম্ন স্কোর ১৪৭ রান পার করে সফরকারীরা। এখানেই শেষ করেননি তারা। গড়ে তুলেছেন ৮২ রানের জুটি। এরপর সচিত্রা সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। তবে মাঠ ছাড়ার আগে ৪৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩০ রান করেছেন তিনি।
এদিকে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করা থিসারা পেরেরা ইনিংস শেষ করেই মাঠ ছেড়েছেন। শেষ পর্যন্ত ৫৭ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটেই নির্ধারিত ৪০ ওভারে সব উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। বাংলাদেশের বোলার রুবেল হোসাইন, আরাফাত সানি ও সাকিব আল হাসান দুটি করে উইকেট পেয়েছেন।
ঢাকা,১৭ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই