দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ফের জয়ের ধারায় ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার চতুর্থ ওয়ানডে ম্যাচে সফরকারী দলটিকে ২৬ রানে হারিয়েছে তরুণ টাইগাররা।

সিরিজের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার যুবাদেরকে পাত্তা দেয়নি বাংলাদেশের যুবারা। তৃতীয় ম্যাচে অল্পের জন্য হেরে যায় তারা। তবে পরের ম্যাচে ফের জয়ের ধারায় ফিরল তারা। এর ফলে সাত ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-১ এগিয়ে গেল টাইগাররা।

এদিন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নামে বাংলাদেশ। তিন টপ-অর্ডার ব্যাটসম্যান মাঝারি মানের ইনিংস খেলতে পারলেও, পরের দিকের ব্যাটসম্যানরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তাই ২০৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া পিনাক ঘোষ ৪২ ও সাইফ হাসান ৪১ রান করেন। দক্ষিণ আফ্রিকার গ্লোভার ৩ উইকেট নেন।

জবাবে বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত বোলিং-এ ৯ উইকেটে ১৮০ রানের বেশি এগোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ওয়াইন মুলদার ৮০ রান করেন। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোসাবেক হোসেন, শান্ত ও মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচের সেরা হয়েছেন শান্ত। একই ভেন্যুতে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২০৬/১০, ৫০ ওভার (শান্ত ৪৫, পিনাক ঘোষ ৪২, সাইফ হাসান ৪১, গ্লোভার ৩/৪৭)।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল : ১৮০/৯, ৫০ ওভার (ওয়াইন মুলদার ৮০, সাইফুদ্দিন ২/৭, শান্ত ২/১৯)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)।

জেডআই