আগামী ১৬ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় চার-ছক্কার এই টুর্নামেন্ট। এ পর্যন্ত মোট চারটি আসরে চারটি দেশ জিতেছে শিরোপা। এবারের বিশ্বকাপের আগে এক নজরে দেখা যাক বিগত আসরগুলো।
২০০৭: স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
ফাইনাল: পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা জয় করে ভারত।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা হাকানো প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড সৃষ্টি করেন ভারতীয় যুবরাজ সিং। সুপার এইটের ম্যাচে ইংল্যান্ড বোলার স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান তিনি। দলকে ফাইনালে নেয়ার উল্লেখযোগ্য ঘটনা ছিল যুবরাজের ছয় ছক্কা।
জোহান্সেবার্গের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে মাত্র ৫ রানে হারিয়ে উদ্বোধনী আসরের শিরোপা জয় করে ভারত।
২০০৯: স্বাগতিক ইংল্যান্ড।
ফাইনাল: শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে পাকিস্তান।
শেষ বলে হল্যান্ডের কাছে পরাজিত হওয়াটা আর কখনোই সামলিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড। মোট ৩১৭ রান করে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়া শ্রীলংকা ওপেনার তিলকারত্বে দিলশানের বিখ্যাত ‘দিল স্কুপ’ প্রকাশিত হয় এ টুর্নামেন্টে। লর্ডসের ফাইনালে দিলশান ডাক মারেন। পক্ষান্তরে শহীদ আফ্রিদির ৪০ বলে অপরাজিত ৫৪ রানের সুবাদে জয় পায় পাকিস্তান।
২০১০: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
ফাইনাল: অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড।
ম্যাচ সেরা নির্বাচিত হওয়া কেভিন পিটারসেনের অসাধারণ নৈপুণ্যে বার্বাডোজে অনুষ্ঠিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসির কোন ইভেন্টে প্রথমবার শিরোপা জয় করে ইংল্যান্ড।
২০১২: স্বাগতিক শ্রীলংকা।
ফাইনাল: শ্রীলংকাকে ৩৬ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ।
ফাইনালে স্বাগতিক শ্রীলংকাকে মাত্র ১০১ রানে অল আউট করে দারুণ এক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়া অজন্তা মেন্ডিজের ১৫ রানে ৪ উইকেট শিকারে ৬ উইকেটে ১৩৭ রানে আটকে যায় ক্যারিবীয়রা। জবাবে ৯ রানে সুনিল নারাইনের ৩ উইকেট শিকারের ফলে ৩৬ রানে জয় নিয়ে উৎসবে মেতে ওঠে ক্রিস গেইলের নেতৃত্বাধীন ক্যলিপসোরা।