তিন ম্যাচ টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল সোমবার দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়।
প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে তিন উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে স্পিন জাদুতে কাবু হয়েছিল সফরকারীরা। এবারও তাদেরকে কাবু করে জয়ের ধারা অব্যাহত রাখতে চান টাইগাররা। এ বিষয় অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, প্রথম টেস্ট ম্যাচের জয়ের ধারাবাহিকতা খুলনা টেস্টেও ধরে রাখতে চাই। এ জন্য খুলনার এ খেলাকে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।
মুশফিকুর রহিম বলেন, ঢাকার পর খুলনা টেস্ট জিততে দলের দুর্বল দিকগুলো শুধরিয়ে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং ৩ বিভাগেই ভালো কিছু করে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ করতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নৈপুণ্যের সাথে ৫ দিনই লড়াই করতে চাই। এ ক্ষেত্রে ব্যাটসম্যানরা ধৈর্য্য ধরে ব্যাটিং করবে। আমরা জয়ের জন্য খেলবো এবং খুলনার টেষ্ট জিততে পারলে সিরিজও জিতবো এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।
বাংলাদেশ অধিনায়ক বলেন, জিম্বাবুয়ে দলের স্পিনারদের তুলনায় বাংলাদেশ অনেক বেশী শক্তিশালী এবং এটা আমাদের জন্য বাড়তি পাওনা।
খেলোয়াড়ের পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, খুব বেশি পরিবর্তন হবে না। খুলনা টেস্ট জয়ের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, খুলনার উইকেট আমাদের পক্ষে থাকবে।
জেডআই





