দক্ষিণ এশিয়ার নারী ফুটবল ইতিহাসে নতুন করে নিজেদের নাম লিখিয়ে যাচ্ছে বাংলাদেশের বাঘিনীরা। বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ এর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। জাতীয় দলের হয়েও গত বছর সাফের শিরোপা নিজেদের ঘরে এনেছিল বাংলার মেয়েরা।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ট্রফি কেসে আরেকটি শিরোপা নিজেদের করে নিলো বাঘিনীরা।
আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফের বয়সভিত্তিক পর্যায়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। একটি করে গোল করেছেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার জুনিয়র ও উন্নতি খাতুন। নারী ফুটবলারদের এই শিরোপা জয়ে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
এই শিরোপা জয় অন্য খেলাধুলায় নারীদের আরও উৎসাহিত করবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এই জয় প্রমাণ করে দক্ষিণ এশিয়ার নারী ফুটবল দলগুলোর মধ্যে বাংলাদেশই সেরা।
তিনি আরও বলেন, গত বছর সিনিয়র দলের জয় থেকে চলতি বছর সাফের শিরোপা জয় ফুটবলে ভালো কাজেরই ধারাবাহিকতা। আমার কোনো সন্দেহ নেই যে, এই ধরনের পারফরম্যান্স বাংলাদেশের সকল খেলায় নারীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।’
এবিএস





