ইংল্যান্ড বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা।  কিন্তু এই লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরেই গেছে প্রোটিয়ারা।

ফলে আফগানিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা।

রোববার (২৩ জুন) লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের করা ৩০৮ রানের জবাবে প্রোটিয়াদের ইনিংস থেমেছে ২৫৯ রানে। পাকিস্তান পেয়েছে ৪৯ রানের জয়, বাঁচিয়ে রেখেছে সেমিতে খেলার আশা।

সবার আগে ৭ ম্যাচ খেলে ফেলা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে এখন পয়েন্ট সংখ্যা মাত্র ৩। পরবর্তী দুই ম্যাচে তারা জয় পেলেও সর্বোচ্চ হবে ৭ পয়েন্ট। ফলে তারা টপকাতে পারবে না ৮ পয়েন্ট নিয়ে এখন চার নম্বরে থাকা ইংল্যান্ডকে। তাই এই বিশ্বকাপে আর আশা বাকি নেই তাদের।

৩০৮ রান তাড়া করতে নেমে কখনোই মনে হয়নি এই লক্ষ্য ছুঁতে পারবে প্রোটিয়ারা। শুরু থেকেই নিয়মিতে বিরতিতে উইকেট হারিয়ে কেবল পরাজয়ের কাছেই গিয়েছে তারা। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করতে সক্ষম হয় তারা। হেরে যায় ৪৯ রানের ব্যবধানে।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া কুইন্টন ডি কক ৪৭, ফন ডার ডুসেন ৩৬, ডেভিড মিলার ৩১, ক্রিস মরিস ১৬ ও আন্দিল ফেলুকায়ো অপরাজিত থাকেন ৪৬ রান করে।

পাকিস্তানের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও শাদাব খান। এছাড়া মোহাম্মদ আমির ২ ও শাহীন শাহ আফ্রিদির ঝুলিতে যায় ১টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান একাদশ: ৫০ ওভারে ৩০৮/৭ (ইমাম ৪৪, ফখর ৪৪, বাবর ৬৯, হাফিজ ২০, সোহেল ৮৯, ইমাদ ২৩, ওয়াহাব ৪, সরফরাজ ২*, শাদাব ১*; রাবাদা ১০-০-৬৫-০, এনগিডি ৯-০-৬৪-৩, মরিস ৯-০-৬১-০, ফেলুকোয়ায়ো ৮-০-৪৯-১, তাহির ১০-০-৪১-২, মারক্রাম ৪-০-২২-১)

দক্ষিণ আফ্রিকা একাদশ: ৫০ ওভারে ২৫৯/৯ (আমলা ২, ডি কক ৪৭, দু প্লেসি ৬৩, মারক্রাম ৭, ফন ডার ডাসেন ৩৬, মিলার ৩১, ফেলুকোয়ায়ো ৪৬*, মরিস ১৬, রাবাদা ৩, এনগিডি ১, তাহির ১*; হাফিজ ২-০-১১-০, আমির ১০-১-৪৯-২, আফ্রিদি ৮-০-৫৪-১, ওয়াসিম ১০-০-৪৮-০, ওয়াহাব ১০-০-৪৬-৩, শাদাব ১০-১-৫০-৩)

ফল: পাকিস্তান ৪৯ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হারিস সোহেল

এমবি