ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শুরুর মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। আর শেষ মিনিটে গোল করেন লিওনেল মেসি। তাদের গোলে শনিবার ২-০ গোলের ব্যবধানে জিতেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
এই জয়ের ফলে লা লিগায় আবার জয়ের ধারায় ফিরেছে কাতালনার। সেই সঙ্গে লিগের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল। ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৮। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৬।
গত ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করায় পয়েন্ট হারিয়েছে বার্সা। তবে এদিন ন্যু ক্যাম্পে রেফারির প্রথম বাঁশি বাজার কিছুক্ষণের মধ্যে সফরকারীদের জালে বল জড়িয়ে দেন সুয়ারেজ।
নিজেদের পেনাল্টি এরিয়ায় গোল পেয়ে সেটি মেসির দিকে এগিয়ে দেন বাসকেটস। দুর্দান্ত গতিতে চোখের পলকে ভ্যালেন্সিয়ার বক্সের কাছাকাছি চলে যান তিনি। সেখান থেকে বল এগিয়ে দেন সুয়ারেজের দিকে। লিভারপুলের সাবেক তারকার শট গোলরক্ষক আলভেজের হাত ছুঁয়ে চলে যায় জালে। গোল আনন্দে মেতে ওঠে বার্সা।
খেলার ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোলটি শোধ করে দেয়ার সুযোগ পায় ভ্যালেন্সিয়া। কিন্তু বার্সা গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেন পারেজোর কিক করা বল। ফলে এগিয়েই থাকে স্বাগতিকরা।
এরপর আর কেউ গোলের দেখা পায়নি। ৯০ মিনিটের খেলা শেষ হলেও স্কোর্ড বোর্ড ১-০। খেলা এভাবে শেষ হতে পারত। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে নিজের ভাগটি পূর্ণ করেন মেসি। ৯০+৪ মিনিটে তার গোলে ২-০ তে এগিয়ে থেকে খেলা শেষ করে বার্সা।
জেডআই





