বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শত রানের আগে ৫ উইকেট হারানো পাকিস্তানের প্রতিরোধের জুটি ভেঙে দিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন সাদ নাসিম (৫৩) ও ওয়াহাব রিয়াজ (১১)।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের বোলিং তোপে শুরুতে সতর্কতার সঙ্গে ব্যাট করে পাকিস্তান। কিন্তু তাতেও তাদের রক্ষা হয়নি। ১০ ওভারের মধ্যেই দুটি উইকেট হারায় তারা।

৮ম ওভারের প্রথম বলে পেসার রুবেল হোসাইনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান সরফরাজ আহমেদ (৭)।

পরের ওভারে আরাফাত সানি শেষ বলে সরাসরি বোল্ড হয়ে রানের খাতা খোলার আগে বিদায় নেন ওয়ানডাউনে ক্রিজে আসা মোহাম্মদ হাফিজ।

দলীয় ৩৬ ও ৩৭ রানে পর পর দুটি উইকেট হারানোর পর চাপে পড়ে যাওয়া পাকিস্তান দলের হাল ধরে রাখেন ওপেনার আযহার আলী। কিন্তু ১৬তম ওভারের তৃতীয় বলে তাকে বিদায় করে দেন সাকিব। মুশফিকের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ৬০ বলে ৩৬ রান করেন পাক অধিনায়ক।

পরের ওভারের পঞ্চম বলে নাসির হোসাইনের বলে বোল্ড হন ছয় বল খেলে রানের খাতা খুলতে না পারা ফাওয়াদ আলম।

সাকিবের বলে মোহাম্মদ রিজওয়ান এলবিডব্লিউ আউট হলে বিধ্বস্ত হয়ে যায় সফরকারীরা।

এরপর প্রতিরোধ গড়ে তোলেন হারিস সোহাইল ও সাদ নাসিম। ধীরে ধীরে রানের চাকা ঘুরিয়ে গড়ে তোলেন ৭৭ রানের জুটি। অবশেষে তাদের জুটি ভাঙ্গেন বাংলাদেশের পালের গোদা মাশরাফি।

৩৯তম ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ ধরে হারিসকে বিদায় করে দেন মাশরাফি। মাঠ ছাড়ার আগে ৬১ বলে একটি চার ও একটি ছক্কায় ৪৪ রান করেন হারিস।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক আযহার আলী।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। আবুল হাসানের জায়গায় দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অপরিবর্তিত রয়েছে পাকিস্তান দল।

গত শুক্রবার প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

জেডআই