রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলোত্তি জানিয়েছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসিকে দলে নিতে তার ক্লাব প্রস্তুত আছে।

২৭ বছর বয়সী মেসি বোমা ফাটিয়েছিলেন যে চলতি মৌসুম শেষে সম্ভাব্য সব ধরনের অপশন বেছে নেয়া বিবেচনা করতে পারেন। অনেকে গুঞ্জন তুলেছেন ন্যু ক্যাম্প ছেড়ে স্ট্যান্টিয়াগো বার্নব্যুতে যেতে পারেন মেসি। এবার সেই আগুনে ঘি ঢাললেন রিয়াল কোচ আনচেলোত্তি।

তিনি বলেন, "মেসি রিয়াল মাদ্রিদে আসতে পারেন। ভালো খেলোয়াড়দেরকে দলে নেয়ার মত সব ধরনের গুণ এ দলটির আছে।"

মেসি রিয়ালে যোগ দিলে তার এত দিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠতে পারে।

গত ছয়টি বছর ফিফা ব্যালন ডি'অর পুরস্কারের জন্য তুমুল লড়াই করেছেন বর্তমান কালের সেরা এই দুই ফুটবলার। শেষ ছয় বছরের প্রথম ও শেষবার পুরস্কারটি জিতে নিয়েছেন পর্তুগীজ তারকা রোনালদো। আর মাঝখানে টানা চারবার ফিফা বর্ষসেরা হয়েছিলেন আর্জেন্টাইন তারকা মেসি।

আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে ২০১৪ এর বর্ষসেরা ফুটবলারের নাম। এবারও ফেবারিট তিনের তালিকায় এগিয়ে আছেন রোনালদো ও মেসি।

জেডআই