চট্টগ্রাম টেস্টে লড়াইয়ে ফিরলেও লিড নেয়ার আগে প্রথম ইনিংস শেষ হয়েছে জিম্বাবুয়ের। সব উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করতে পেরেছে তারা। বাংলাদেশের চেয়ে এখনও ১২৯ রানে পিছিয়ে আছে সফরকারী দলটি।

শুক্রবার তৃতীয় দিনে ১১৩ রান নিয়ে খেলা শুরু করা জিম্বাবুয়ে। হাতে ছিল নয়টি উইকেট। দিনের শুরুটা ভালোই করেছিল হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা। তবে ৫১ রান নিয়ে মাঠে নামা মাসাকাদজা ৮১ রানে সাজঘরে ফিরে যান। এরপর দ্রুতই আরো দুটি উইকেট হারায় তারা। ৫৪ রান নিয়ে মাঠে নামা সিকান্দার ৮২ রান করে সাজঘরে ফিরে যান। দেখতে দেখতে ২০৯ রানে পাঁচ উইকেট হারায় জিম্বাবুয়ে।

তবে চাকাবভা ও চিগুম্বুরা দলের হাল ধরেন। গড়ে তোলেন ১১৩ রানের জুটি। ৬৫ রান করে চাকাবভা আউট হলেও ক্রিজে টিকে ছিলেন চিগুম্বুরা। এগিয়ে যান সেঞ্চুরির দিকে। তবে ৮৮ রানে জোবায়ের হোসাইনের বলে ইমরুল কায়েসের তালুবন্দী হন তিনি। নবম উইকেটে তার মাঠ ছাড়ার পর দলীয় রানের খাতায় মাত্র ১৪ রান যোগ হতেই ইনিংস শেষ হয়ে যায় জিম্বাবুয়ের।

বাংলাদেশের বোলার জোবায়ের হোসাইন সর্বোচ্চ পাঁচটি উইকেট শিকার করেন। দুটি উইকেট পান শফিউল ইসলাম। এছাড়া রুবেল হোসাইন, তাইজুল ইসলাম ও সাকিব একটি করে উইকেট নেন।

জেডআই