তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দাপট ওয়ানডেতেও ধরে রেখেছে পাকিস্তান। টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ক্যারিবিয়ানদের হেসেখেলে হারিয়েছে আজহার আলির দল।

ব্যাটসম্যানদের দৃঢ়তা ও বোলারদের দাপটে সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (ডি-এল মেথড) ওয়েস্ট ইন্ডিজকে ১১১ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে টিম পাকিস্তান।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির কারণে ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। বৃষ্টির কারণে ক্যারিবিয়ানদের সামনে ৪৯ ওভারে ২৮৭ রানের লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়। পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে ৬২ বল বাকি থাকতেই ১৭৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১১১ রানের বড় জয় দিয়ে সিরিজে এগিয়ে যায় আজহারের দল।

আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন ওয়ানডাউনে নামা বাবর আজম। ১৩১ বলে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২০ রানের নান্দনিক ইনিংস খেলেন এই তরুণ উদীয়মান তারকা। এছাড়া শারজিল খান ৫৪, সরফরাজ আহমেদ ৩৫ ও ইমাদ ওয়াসিম ২৪ রান করলে ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে কার্লোস ব্রাফেট তিনটি এবং শেনন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, সুলেমান বেন ও সুনিল নারিন একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নওয়াজের স্পিন-ভেলকি ও মোহাম্মদ আমির, হাসান আলি এবং ওয়াহাব রিয়াজের আক্রমণাত্মক বোলিংয়ের দাপটে ৩৭.৪ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে মারলন স্যামুয়েলস ৪৬ রান করলেও আর কেউ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। স্যামুয়েলসের পর জনসন চার্লস (২০) ও সুনিল নারিন (২৩) ছাড়া আর কোনো ক্যারিবিয়ান ব্যাটসম্যান ২০’র কোটা স্পর্শ করতে পারেননি।

পাকিস্তানের হয়ে নওয়াজ চারটি এবং হাসান আলি তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, আমির ও ওয়াহাব।

প্রসঙ্গত, আগামী শনিবার একই মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এরপর আগামী মঙ্গলবার আবু ধাবিতে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এম এ