পাকিস্তানের হয়ে গত কয়েক মৌসুম ধরেই দারুণ খেলে আসছেন মিসবাহ উল হক ও ইউনিস খান। এই দুজনের মধ্যকার জুটির রসায়নও দুর্দান্ত। শুক্রবার শুরু হওয়া আবু ধাবি টেস্টে দারুণ এক জুটি গড়ে রেকর্ড গড়েছেন মিসবাহ ও ইউনিস। পাকিস্তানের টেস্ট ইতিহাসের সেরা জুটিতে পরিণত হন এই দুই বর্ষীয়ান তারকা।

আবু ধাবি টেস্টে ১২৯ রানে ৩ উইকেট পড়ার পর দারুণ জুটি গড়েন মিসবাহ ও ইউনিস। চতুর্থ উইকেটে ১৭৫ রানের অনবদ্য জুটি গড়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন এই দুই বর্ষীয়ান তারকা।

৪৯তম ইনিংসে আপাতত ৭৩.৫৬ গড়ে ৩১৫৬ রান সংগ্রহ করেছেন মিসবাহ-ইউনিস জুটি। এর আগের সেরা জুটিতেও নাম রয়েছে ইউনিসের। মোহাম্মদ ইউসুফের সঙ্গে ৪২টি ইনিংসে জুটি গড়ে ৭৮.৪২ গড়ে ৩১৩৭ রান করেছেন তিনি। এবার মিসবাহকে নিয়ে নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা ইউনিসের।

এর আগে ইউনিস-মিসবাহ জুটি ৩৩ রানে পৌঁছার পরই পেছনে পড়ে যান ইউসুফ-ইনজামাম। ইনজি-ইউসুফ (৩০১৩) জুটিতে পেছনে ফেলার পর শেষ পর্যন্ত শীর্ষেই জায়গা করে নিলেন মিসবাহ-ইউনিস। ইনজি-ইউসুফ জুটি শুক্রবার তিনে নেমে গেলেন।

সব মিলিয়ে পাকিস্তানের সেরা পাঁচ জুটির তিনটিতেই রয়েছেন ইউনিস। আজহার আলির সঙ্গে ৪০টি ইনিংসে জুটি বেঁধে ৫৫.৮৫ গড়ে ২,২৩৪ রান করেছেন ইউনিস। এটি রয়েছে পাঁচ নম্বরে। মজিদ খান-সাদিক মাহমুদ জুটি ২,৩২৫ রান নিয়ে চার নম্বরে রয়েছে।

টেস্ট ক্রিকেটে জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড শচীন টেন্ডুলকার-রাহুল দ্রাবিড়ের দখলে। ভারতের এই দুই সাবেক তারকা ১৪৩ ইনিংসে জুটি বেঁধে রেকর্ড সর্বোচ্চ ৬,৯২০ রান করেছেন। ৬,৫৫৪ রান নিয়ে মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা জুটি দুই নম্বরে রয়েছে। তিনে থাকা গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হায়েন্স জুটি করেছেন ৬,৪৮২ রান।

জারিফ