দেশের মাটিতে বিশ্বকাপে সফল হতে পারেননি নেইমার। তবে ২০১৬ সালে নিজে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে সোনা জিততে চান তিনি।

১৯৫০ সালের পর ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের ব্রাজিল।

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ৫ বার শিরোপা জয় করলেও এখনো পর্যন্ত স্বর্ণ পদকের দেখা পায়নি অলিম্পিকে। এই বিষয়টিও কুরে কুরে খাচ্ছে দেশটির অগুনিত ফুটবল অনুরাগীকে। সর্বশেষ ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকে রৌপ্য পদক জয় করেছে ব্রাজিল। যে দলটির অংশ ছিলেন বিশ্ব ফুটবলের আইকনের খেতাব পাওয়া নেইমারও। আগামী বছর রিওতে অনুষ্ঠেয় অলিম্পিকে তাই শ্রেষ্ঠত্বের খেতাব জয় করে অনুপ্রানীত হতে চায় ব্রাজিলীয় ফুটবল।

একই স্বপ্ন দেখছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমারও। তিনি বলেন,‘ আমার প্রত্যাশা ব্রাজিল দলের অংশ হিসেবে গেমসে যোগ দিয়ে ব্রাজিলীয় জনগণের জন্য শিরোপা জয় করা। কারণ আমরা নিজেদের মাটিতেই খেলব।’

রিও ২০১৬-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘মারাকানায় শিরোপা জয় করাটা হবে দুর্দান্ত, অবিষ্মরনীয় এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন এমনটি ঘটানোর জন্য মাঠে আমরা নিজেদের সেরাটাই উজাড় করে দেব। ব্রাজিল এখনো অলিম্পিকে স্বর্নপদক জয় করেনি। যে কারণে এটি এখন আমাদের স্বপ্ন। এখন সময় এসেছে সেটি জয় করার।’

জেডআই