ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বোল্ড আউট করে অভিনব এক স্যালুট জানিয়েছেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু কেন সাকিব এমন করলেন? এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন তামিমের সাথে ইংলিশ অলরাউন্ডার স্টোকের বিবদের জবাব হিসাবে স্যালুট দিয়েছেন সাকিব।
ঢাকা টেস্টের ৩য় দিনে ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তাকে বোল্ড আউট করেই এক স্যালুট জানান সাকিব।
এসময় উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়ামের দর্শক। পরবর্তীতে বল করার সময় দর্শকরাও সাকিবকে স্যালুট করে।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ রকম ঘটনা এই প্রথম। এর আগে এমন কাণ্ড ঘটিয়েছেন ক্যারীবিয়ান ক্রিকেটার ড্যারেন ব্রাভো। সম্প্রতি অবশ্য পাকিস্তানি ক্রিকেটাররাও স্যালুটের এই ধারা চালু করেছে।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও বেন স্টোকের মধ্যকার বিবাধের ঘটনা মাথায় রেখেই এটি করেছেন সাকিব।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ শেষে তামিম ও স্টোকসের মধ্যে কথা কাটাকাটি হয়।
ভিডিওতে দেখা যায়, ম্যাচের পর দু'দেশের খেলোয়াড়রা যখন করমর্দন করছিলেন, তখন ইংল্যান্ডের খেলোয়াড় জনি বেয়ারস্টো'র দিকে বাংলাদেশের তামিম ইকবাল হাত বাড়ালেও তিনি তাতে সাড়া দেননি।
জনি বেয়ারস্টোর এমন আচরণে তামিম ইকবাল তার দিকে এগিয়ে যান এবং কিছু বোঝানোর চেষ্টাকালে তার (বেয়ারস্টোর) পিঠে হাত রাখেন।
এতেই তেঁতে ওঠেন বেয়ারস্টো। এ সময় তার সতীর্থ বেন স্টোকস তামিমকে ধাক্কা দেন।
অন্যদিকে, সাকিবের সেই ছবি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি পেয়ে যান সাকিব আল হাসানের সহধর্মীনি শিশির। সেই ছবি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে লিখেন, ‘বাসায় সে আমাকে এভাবেই স্যালুট করে (Yep that`s how he salutes me at home.) ।’ এরপর তিনটি স্মাইলি দেন। এনিয়েও এখন ভক্তদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব উম্মে আল হাসানের দেওয়া ছবিটিতে ১৭ হাজারের অধিক লাইক পড়েছে। শেয়ার করেছেন ৪১৯ জন। একের পর এক কমেন্টস পড়ছে।
জারিফ/এসএম





